সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের (ইউএন) একটি শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, হামলার পর থেকে ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলছে এবং পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সন্ত্রাসীরা ভারী অস্ত্র ব্যবহার করে ইউএন শান্তিরক্ষা ঘাঁটিতে হামলা চালায়।
আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানানো হয়। পাশাপাশি ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত শান্তিরক্ষী মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানায়, নিহত শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের প্রতিরোধ করেন। এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও সরকার।