সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর (পুশইন) ঘটনা ‘গ্রহণযোগ্য নয়’ বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত থেকে মানুষ জোর করে পাঠানোর খবর পাওয়া যাচ্ছে। যদি তারা প্রকৃত বাংলাদেশি নাগরিক হন, তবে তাদের ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত।
তিনি জানান, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং দিল্লিকে ইতোমধ্যে জানানো হয়েছে। সীমান্তে এভাবে জোর করে মানুষ ঢোকানো মোটেও গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে এবং খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে আরও অন্তত ৬৬ জনকে বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে জানা গেছে। বিজিবির বরাতে জানা যায়, বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে এসব ব্যক্তিকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ ধরনের ঘটনাকে আন্তর্জাতিক নিয়মবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে দুই দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জরুরি।