সিলেট মহানগরীতে কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে ২য় ডোজের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ টিকা কার্যক্রম চলবে টানা ৩ দিন।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম জানান, যে তারিখে যারা মডার্নার ১ম ডোজ গ্রহণ করেছেন, স্ব স্ব কেন্দ্রে টিকার ২য় ডোজ তারাই গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ ভ্যাকসিনেশন চলবে।
তিনি আরও জানান, টিকা গ্রহণের সময় জাতীয় পরিচয়পত্র ও কেন্দ্র থেকে দেওয়া প্রথম ডোজ টিকার আইডি কার্ড অবশ্যই সঙ্গে নিতে হবে।
উল্লেখ্য, গত মাসের ৭, ৮ ও ৯ তারিখ সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’-এর প্রথম পর্যায়ের টিকা প্রদান করা হয়। এতে মোট ৬৬ হাজার ৪৪৬ নারী-পুরুষ মডার্নার টিকা গ্রহণ করেন। এবারো একই সংখ্যক লোকের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ডোজ টিকা প্রদান চলছে।