বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ঘটনাটি বরিশাল থেকে শুরু করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। বিষয়টি সরকার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে গণমাধ্যমকে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার (২২ আগস্ট) জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি কী হয়েছে, সেখানে কেন অনাকাঙ্খিত ঘটনা ঘটলো বিষয়টি গভীরভাবে দেখছি, আসলে ব্যাপারটা কী হয়েছিল? আমরা বোঝার চেষ্টা করছি, সমস্যা সমাধানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়েই সরকার সবকিছু দেখছে।
ফরহাদ হোসেন বলেন, এই ঘটনার সঙ্গে জনপ্রতিনিধি রয়েছেন। তিনি সরকারের এক্সিকিউটিভ বডির সদস্য। সরকারের কর্মচারীরাও এক্সিকিউটিভ বডির সদস্য।
ফরহাদ হোসেন আরও বলেন, সরকারের তিনটি বিভাগ- বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগ। মেয়রও নির্বাহী বিভাগের সদস্য। কারণ তিনি সরকারের প্রকল্পগুলো বাস্তবায়ন করছেন। সংসদ সদস্যরা আইন বিভাগের সদস্য। সবাইকে এখতিয়ারের মধ্য থেকে তাদের আচরণ করতে হবে। তাদের যে কাজের গণ্ডি সংবিধানে দেয়া, দায়িত্বের মধ্য থেকেই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট রাতে নগরের সিঅ্যান্ডবি সড়কে উপজেলা পরিষদ কম্পাউন্ডে শোক দিবসের ব্যানার অপসারণকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়। এ সময় ইউএনওর সরকারি বাসভবনেও হামলার অভিযোগ করা হয়।