হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এছাড়া সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট সিলেটে অবতরণ করতে বাধ্য হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে দুটি ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইট এবং দুটি আন্তর্জাতিক ফ্লাইট। আন্তর্জাতিক ফ্লাইটের একটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকা রুটের এবং অন্যটি এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে ঢাকা রুটের ফ্লাইট।
অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট পথ পরিবর্তন করে সিলেটে অবতরণ করেছে।
এর আগে, দুপুর আড়াইটার দিকে শাহজালালের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে, আরও ৬টি ইউনিট পথে রয়েছে।
এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সিভিল এভিয়েশন, বিমানবাহিনী, নৌবাহিনী ও দুই প্লাটুন বিজিবি সদস্য উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে।