দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৬৭ সদস্যের একটি কন্টিনজেন্ট ঢাকা ত্যাগ করেছে।
আনমিস নামে এই মিশনে ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’ এ দায়িত্ব পালন করবেন তারা।
মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তারা ঢাকা ছেড়ে যান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য দিয়েছে।
এতে বলা হয়েছে, “কন্টিনজেন্টটি ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৯’ এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে।”
আইএসপিআর বলছে, জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানে নিয়োজিত আছে। সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্য প্রয়োজনীয় জ্বালানি, খাদ্যসামগ্রী, ওষুধপত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিচ্ছে এই ইউনিট।
“নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা প্রদান এবং আহত সামরিক-অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবা প্রদানসহ ডুবুরি সহায়তা প্রদানের কাজও করছে।”
বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গত দুই দশকেরও বেশি সময় ধরে নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
“দক্ষিণ সুদান ছাড়াও লেবানন এর ভূমধ্যসাগরে উপমহাদেশের মধ্যে একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ নিয়োজিত রয়েছে।”
শান্তিরক্ষায় নৌবাহিনীর এই গর্বিত অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম বহুলাংশে বৃদ্ধি করেছে বলে জানাচ্ছে আইএসপিআর।