বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সোমবার (২২ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তার (রুহুল কবির রিজভী) শরীরে এখন জ্বর নেই। খাওয়ার রুচিও আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে তার শরীর খুব দুর্বল। ডায়াবেটিস বেড়েছে। ফুসফুসে সামান্য ইনফেকসন আছে। আগামী দু-একদিনের মধ্যে ফুসফুসের সিটি স্ক্যান করা হবে। তার কাশিও কিছুটা কমেছে। অক্সিজেন লেভেলের উন্নতি হয়েছে।’
রুহুল কবির রিজভীর রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত বুধবার (১৭ মার্চ) রুহুল কবির রিজভীর শরীরে করোনা শনাক্ত। বৃহস্পতিবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীরা।
ঢাকা/সাওন/রফিক