সারাদেশে কয়েকদিন ধরে বজ্রবৃষ্টি, দমকা হাওয়া ও কোথাও কোথাও শিলাবৃষ্টির মধ্যে মে মাসে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে কালবৈশাখী ঝড়েরও প্রবণতা থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক মাসব্যাপী পূর্বাভাসে অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসান জানিয়েছেন, বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেগুলোর মধ্যে এক বা দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়া মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় ২ থেকে ৩ দিন এবং হালকা কালবৈশাখী ঝড় ৩ থেকে ৫ দিন পর্যন্ত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মে মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু ও মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে তবে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে।
নদ-নদীর পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে, মে মাসে দেশের প্রধান নদনদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টির ফলে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি সময়ভেদে বাড়তে পারে।