চাঁদপুরের মতলব দক্ষিণে চিরকুট লিখে কর্মরত দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির বিক্রয় প্রতিনিধি আব্দুর রহমান (৪০) নামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১৭ জুলাই) সকালে মতলব দক্ষিণ থানা পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার সদর উপজেলার মোঃ কুদ্দুস সরদারের ছেলে দুই সন্তানের পিতা আব্দুর রহমান বিগত এক যুগেরও বেশি সময় ধরে মতলব দক্ষিণ উপজেলায় দি একমি ল্যাবরেটরিজ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন ।
ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে আটটা থেকে ৯টায় কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল কাশেম রুটিন ওয়ার্ক পর্যবেক্ষণের জন্য উপজেলায় কর্মরত সকল বিক্রয় প্রতিনিধিদের সাথে মিটিং করেন। মিটিং এর সময় আব্দুর রহমান এর মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে তারা তার ভাড়া বাসায় গিয়ে বেশ কয়েকবার ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখলে মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ইয়াছিন আরাফাত ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ সঙ্গীয় ফোর্স এসে দরজা ভেঙে বিক্রয় প্রতিনিধি আব্দুর রহমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আব্দুর রহমানের মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে। যেখানে তার মৃত্যুর জন্য কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল কাশেমকে দায়ী করা হয়েছে। এদিকে মতলব দক্ষিণ থানা পুলিশ আব্দুর রহমানের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল কাশেমকে হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ইয়াছিন আরাফাত বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ ঝুলন্ত অবস্হায় পেয়েছি ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে।