বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে বাইরের কোনো শক্তি নয়, আমাদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীতে ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, “আমেরিকার ট্রাম্প, চীনের শি জিনপিং বা ভারতের মোদি এসে আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে—এই ধারণা ভুল। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে।”
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ ভালো হবে, তবে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণঅভ্যুত্থানের সময় যেমন জনগণ এক হয়েছিল, ঠিক তেমনভাবে এখনো ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
মার্কিন ট্যারিফ ইস্যুতে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক দেশের জন্য সমস্যা তৈরি করতে পারে। দ্রুত সমাধান না হলে সংকট বাড়বে।”
তিনি কৃষিখাতকে জাতীয় অগ্রাধিকারে রাখার আহ্বান জানিয়ে বলেন, “যাঁরা মাঠে কাজ করেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কৃষিই পারে দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তি দিতে।”
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলমান প্রয়াসের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “তাঁকে ধন্যবাদ জানাই, তিনি চেষ্টা করছেন। আমরা আশা করি, তিনি সফল হবেন। তবে আমাদের সবারই দায়িত্ব নিজেদের জন্য কাজ করা।”