বিআইডব্লিউটিএ’র একমাসেরও বেশি সময় বন্ধ থাকার পর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে ১৮টি লঞ্চ চলাচল শুরু হয়েছে৷ রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে চাঁদপুর, সুরেশ্বর, শরীয়তপুরসহ কয়েকটি রুটে এসব লঞ্চ চলাচল শুরু হয়েছে ৷
ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রী সাধারণের কথা চিন্তা করে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য৷ তিনি জানান, অন্তত ৭০ ফুট দৈর্ঘ্যবিশিষ্ট ১৮টি লঞ্চ চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে৷ আগামী এক মাস পাঁচটি রুটে এসব লঞ্চ চলাচল করবে৷ এর মধ্যে এসব লঞ্চ চলাচলে কোনো আপত্তি বা জটিলতা দেখা দিলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে৷
বাবু লাল বৈদ্য আরও জানান, ১৮টি লঞ্চের পাশাপাশি গত কয়েকদিন যাবৎ চাঁদপুর রুটে চলাচল করা ৪টি লঞ্চও চলবে৷ সবমিলিয়ে এখন থেকে নারায়ণগঞ্জ থেকে মোট ২২টি লঞ্চ চলাচল করবে। তবে এখনও বন্ধই থাকছে মুন্সিগঞ্জ ও মতলব- মাছুয়াখালী রুটের ছোট আকারের লঞ্চগুলো।
নারায়ণগঞ্জ থেকে সাতটি রুটে প্রায় ৭০টি লঞ্চ চলাচল করতো৷ গত ২০ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর আলআমিননগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে৷ ওইদিন রাত থেকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা দেয় বিআইডব্লিউটিএ।