চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শুক্রবার দুপুর থেকে ভোর রাত পর্যন্ত টানা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার শ্রমজীবী মানুষের জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন আলুচাষি, ইরি বোরো ধান রোপণকারী ও খেটে খাওয়া দিনমজুররা। বৃষ্টিপাতের ফলে উপজেলার বেশ কিছু এলাকায় আলুর ক্ষেতে পানি জমে যাওয়ায়, পঁচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের একাধিক কৃষক বলেন, এবার আমরা অধিক জমিতে আলু চাষ করেছি। শুক্রবার দুপুর থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে সব আলু পঁচে যেতে পারে। এর আগেও যখন আলু রোপন করেছি হঠাৎ বৃষ্টি এসে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
এদিকে বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে। ভাড়া না পেয়ে দাঁড়িয়ে আছেন অটোরিকশা ও ভ্যানচালকরা। দমকা বাতাসের কারণে বেলা ১টা থেকে গভীর রাত পর্যন্ত পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
খনার বচন আছে- ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্যদেশ’। খনা মাঘের শেষের বৃষ্টিকে আশীর্বাদপূর্ণ আখ্যা দিয়েছিল তার সময়ের কৃষি-পঞ্জিকামতে। ফলে মাঘের শেষে বৃষ্টি হলে জমি নরম ও সরস হয়, চাষাবাদে ইতিবাচক ফল বয়ে আনে। তবে দমকা বাতাস ও বৃষ্টি জনজীবনকে আরও বেশি কাহিল করে তুলেছে।