অন্তর্বর্তীকালীন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রকল্প থেকে সরে এসেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি থাকার কারণে সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাব বাতিল করেছে।
বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে সারাদেশের ২ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ছিল। কিন্তু সচিব কমিটি মনে করে, এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ দিলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না, বরং বিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য তৈরি হবে।
বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রস্তাবিত ক্লাস্টারভিত্তিক নিয়োগ কার্যকর হলে একজন শিক্ষককে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হতো, যা নিয়মিত শ্রেণিকাজ পরিচালনার ক্ষেত্রে অবাস্তব ও অকার্যকর বলে মন্তব্য করেছে কমিটি।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে পর্যাপ্ত অর্থের সংস্থান হলে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষকের পদ সৃষ্টি করে ধাপে ধাপে নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।