দেশের ৪১টি জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ২ মার্চ এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রথম প্রজ্ঞাপনে ১২টি জেলার, আর দ্বিতীয় প্রজ্ঞাপনে ২৯টি জেলার সিভিল সার্জন নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, বাগেরহাট, রাজশাহী, কুমিল্লা, ঝিনাইদহ, ময়মনসিংহ, বান্দরবান, লক্ষ্মীপুর, খুলনা ও মাদারীপুরের নতুন সিভিল সার্জনদের ৬ মার্চের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৯ মার্চ থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
এছাড়া, বরিশাল, কুষ্টিয়া, গাজীপুর, শরীয়তপুর, সিলেট, নোয়াখালী, পিরোজপুর, কক্সবাজার, ঝালকাঠি, ফেনী, পাবনা, শেরপুর, জামালপুর, পটুয়াখালী, মেহেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, লালমনিরহাট, কিশোরগঞ্জ, বরগুনা, নওগাঁ, রংপুর, নীলফামারী ও মানিকগঞ্জে বদলি/পদায়ন হওয়া সিভিল সার্জনদের ৯ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১০ মার্চ থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।