দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই, জানিয়ে হাইকোর্ট বলেছেন, দুর্নীতির কালো হাত ভেঙে দিতে হবে। আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ কথা বলেন। দুর্নীতি দমন কমিশন, দুদকের মামলায় এক আসামির জামিন শুনানি হয় এদিন।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৪ কোটি টাকা লুটের ঘটনায় আদালত প্রশ্ন রাখেন, ভল্টের টাকা যায় কীভাবে? ভুয়া বিলের মাধ্যমে টাকা নেয়ার প্রতিবেদন হয়েছে। কিন্তু কোনো টেন্ডার নেই, চেক নেই, টাকা নিয়ে গেছে- এটি দুর্ভাগ্যজনক।
মামলার আসামি ঢাকা ব্যাংকের বংশাল শাখার তৎকালীন ক্যাশ ইনচার্জ রিফাতুল হক। তিনি জামিন চেয়ে আবেদন করলে শুনানির পার তা উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন আদালত। আদালতে আসামির পক্ষে শুনানি করেন ওয়াহিদুজ্জামান সোহেল, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন এম এ আজিজ খান।
এর আগে ভল্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় গত ১৭ জুন দুদক বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এতে রিফাতুলের পাশাপাশি ওই শাখার ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদকে পুলিশে সোপর্দ করা হয়।