ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদারের আহ্বান প্রফেসর মুহাম্মদ ইউনূসের
জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করার তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “ডিসেম্বরে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হলে এখন থেকেই গঠনমূলক আলোচনা, রাজনৈতিক ঐকমত্য এবং সংস্কার প্রয়াসকে আরও জোরদার করতে হবে।”
শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন, কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন)মনির হায়দার।
প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে কমিশনের চলমান কাজ ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রফেসর রীয়াজ ও ড. বদিউল আলম জানান, কমিশন এখন পর্যন্ত ৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার বিষয়ক আলোচনা সম্পন্ন করেছে।
আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তারা।
তারা আরও জানান, জনমত যাচাই ও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে জনপরিসরে আলোচনার আয়োজন, গণমাধ্যমে প্রচারণা, এবং সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি।
তিনি বলেন, “এই মুহূর্তে সময় নষ্ট করার সুযোগ নেই। সব পক্ষকে আলোচনার টেবিলে এনে একটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য রোডম্যাপ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।