‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এর কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হক–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
আইনজীবীরা জানান, রিটটি সেদিন শুনানির তালিকায় থাকলেও রিটকারী আইনজীবী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ শুনানি পেছানোর আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে শুনানি রোববারে নির্ধারণ করেন।
এর আগে, ‘জুলাই জাতীয় সনদ’ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে সনদের বাস্তবায়ন স্থগিত চাওয়া হয়।
রিটে আরও বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫ (৩১ অক্টোবর সংশোধিত)’ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত—এ মর্মে ঘোষণা চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবরা, জাতীয় ঐকমত্য কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, দেশের রাজনৈতিক সংস্কারে আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন করে। গত বছর ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদটি স্বাক্ষরিত হয়।