সরকার সোমবার (৩০ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আরও ১০ জন শহীদের গেজেট প্রকাশ করেছে। একই দিনে তাদের তালিকা সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের প্রথম চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছিল। নতুন এই তালিকার পর আগামীকাল পর্যন্ত মোট শহীদ হয়েছেন ৮৪৪ জন।
নতুন গেজেট প্রকাশিত শহীদদের মধ্যে ঢাকায় ৪ জন, কুড়িগ্রামে ১ জন, শরীয়তপুরে ১ জন, চট্টগ্রামে ১ জন, নোয়াখালীতে ১ জন, যশোরে ১ জন এবং বাগেরহাটে ১ জন রয়েছেন। তালিকায় শহীদদের নামের পাশাপাশি গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানাও উল্লেখ রয়েছে।
সরকার ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর ৭(ক) ধারা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ এর ক্রমিক নম্বর-২৩ অনুযায়ী এই তালিকা প্রকাশ করেছে।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবারকে সরকার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করছে এবং তাদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
উল্লেখ্য, গত বছর জুলাইয়ে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটাবিরোধী আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের ফলে আন্দোলন উত্তপ্ত হয়ে ওঠে। সরকার পতনের দাবিতে এই আন্দোলন দ্রুত শক্তিশালী হয় এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পরিণত হয়।
গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এর আগে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে শত শত আন্দোলনকারী নিহত হন।