জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সব অনিষ্পন্ন আবেদন চলতি বছরের জুন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
শনিবার (২২ মার্চ) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরকে এ সংক্রান্ত নির্দেশনা দেন ইসি সচিব।
নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা পড়া ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধনের আবেদন অনিষ্পন্ন ছিল। তবে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে ৯৮ হাজার ৪৪টি আবেদন ইতোমধ্যে নিষ্পন্ন করা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ৩ লাখ ২ হাজার ২৬৬টি নতুন এনআইডি সংশোধনের আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৯২৬টি নিষ্পন্ন করা হয়েছে, বাকিগুলো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
এই হিসাবে ২০১১ সাল থেকে অদ্যাবধি মোট ৪ লাখ ২ হাজার ৩০৮টি এনআইডি সংশোধন আবেদন এখনও অনিষ্পন্ন।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী জুন মাসের মধ্যে সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির জন্য দ্রুত উদ্যোগ নিতে হবে। এনআইডি সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।