চাঁদপুর শহরে জীবন বাঁচাতে চলন্ত নৌকা থেকে ছয় তরুণ-তরুণী নদীতে ঝাঁপ দিয়েছেন।
জানা যায়, ঘটনার দিন রাতে চাঁদপুর শহরের চৌধুরীঘাটের পূর্ব পাশে ডাকাতিয়া নদীর পাড়ে সিমেন্ট বহনকারী এমবি মিম ও জিম নামক কার্গোটি নোঙর করার সময় ধাক্কা লাগে। পরে ওই তরুণ-তরুণীর চিৎকার শুনে বেদে সম্প্রদায়ের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্বার করে নদীর পাড়ে নিয়ে আসে। তবে তরুণ-তরুণী নদীতে পড়ে গেলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিমেন্ট বহনকারী এমবি মিম ও জিম নামক কার্গোটি হাজীগঞ্জে সিমেন্ট পৌঁছে দিয়ে চাঁদপুর শহরের চৌধুরীঘাটের পূর্ব পাশে ডাকাতিয়া নদীর পাড়ে আসে। পরে নদীতে কচুরিপানা বেশি হওয়ায় নোঙরের সময় ধাক্কা লাগে। এ সময় নৌকায় থাকা মাঝিসহ ৭ জনের মধ্যে ২ জন তরুণ ও ৪ জন তরুণী পানিতে ঝাঁপ দেয়।
বেদেপল্লির আব্দুর রশিদ ও আলমগীর বিষ্ণু বলেন, যাত্রীসহ নৌকা ডুবে গেছে শুনে আমরা তাড়াতাড়ি করে নৌকা নিয়ে ২ জন তরুণ ও ৪ জন তরুণীকে নদী থেকে উদ্ধার করি। তাদের মতে কেউ নদীতে পড়ে নিখোঁজ হয়নি।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে কেউ আমাদর অবহিত করেনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।