চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের সরকারি খাল থেকে অসিম (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে শহরের ষোলঘর এলাকার সদর উপজেলা পরিষদের সম্মুখ থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহত অসিম শহরের কোড়ালিয়া এলাকার মানিকের ছেলে। তিনি শহরের পালবাজারের মানিক রেস্টুরেন্ট পরিচালনা করতেন। তার স্ত্রী নেই, বর্তমানে দুটি সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ষোলঘর এলাকার সদর উপজেলা পরিষদের সামনে সরকারি খালে লাশটি ভাসতে দেখা যায়। পরে চাঁদপুর সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে এসে লাশটি খালের পাড়ে নিয়ে আসে।
ঘটনার পরপর চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
নিহতের ভাই রিপন জানান, রোববার রাতে টাকা পয়সা নিয়ে মোবাইল বাসায় রেখে ঘর থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর আমার ভাইয়ের হদিস পাওয়া যায় নি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না।