বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ ১৯ আগস্ট নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৪ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আপাতত স্থিতিশীল, তার কোনো খারাপ কিছু হয়নি। তিনি এক ডোজ টিকা নিয়েছেন। শিগগিরই দ্বিতীয় ডোজ নেবেন। দ্বিতীয় ডোজ টিকার নির্ধারিত সময় ১৯ আগস্ট।
এর আগে গত ১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা নেন খালেদা জিয়া।
গত ১০ এপ্রিল খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজায়’ করোনায় আক্রান্ত হন। পোস্ট কোভিড জটিলতার চিকিৎসার জন্য গত ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯ জুন আবার গুলশানের বাসায় ফেরেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রীর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাঁটুর জটিলতা ছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা রয়েছে। ২০১৭ সালে যুক্তরাজ্যে তার চোখেও অপারেশন করা হয়।