রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ‘লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের লুটপাট’কে আওয়ামী লীগ আমলের বড় নির্দেশক হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৬ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ লিখেছেন, “আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে—মুখে এই কথা বলে শেখ হাসিনা ফেনা তুললেও ভেতরের চিত্র কী ছিল, তা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক।”
তিনি জানান, শিল্পী দেবাশিস চক্রবর্তী এই লুটপাটকে থিম করে ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন।
উপদেষ্টা আসিফ বলেন, “দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে দেবাশিস চক্রবর্তী জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ১০টি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার আগ্রহে শিল্পী দেবাশিস চক্রবর্তী পোস্টারের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।