জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আওয়ামী লীগকে লক্ষ্য করে কঠোর বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্ব, সদস্য ও সমর্থকরা যতক্ষণ না জুলাই বিপ্লবে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও দুঃখ প্রকাশ করবে, ততক্ষণ তারা শান্তি পাবে না।
আজ মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন শফিকুল আলম।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি লেখেন, “আমরা মাটি থেকে আপনাদের কুৎসিত প্রভাবের দাগ মুছে ফেলব এবং তা রক্ত দিয়ে ধুয়ে ফেলব। আপনারা কখনও শান্তি পাবেন না—যতক্ষণ না শহীদ ও আহতদের প্রতি সম্মান দেখান। যতক্ষণ না ‘দুঃখিত’ বলেন।”
তিনি অভিযোগ করেন, গত বছরের জুলাই থেকে আওয়ামী লীগ শহীদদের নিয়ে উপহাস করেছে, আন্দোলনকে তুচ্ছ করেছে এবং ১৭ কোটি মানুষকে ‘জঙ্গি’ বলে কলঙ্কিত করেছে, যেন বিদেশি শক্তির সহায়তায় আবার ক্ষমতায় ফিরে লুণ্ঠন ও বিশৃঙ্খলার নতুন অধ্যায় শুরু করতে পারে।
শফিকুল আলম আরও বলেন, “দুঃখিত, এবার আর তা হবে না। জুলাই আমাদের সাহসী করেছে। জুলাই আমাদের শিখিয়েছে প্রতিকূলতার মুখেও মাথা তুলে দাঁড়াতে। জুলাই আমাদের ডিএনএ-তে স্থায়ীভাবে এক বিরল সাহসের জিন প্রবেশ করিয়েছে। আমরা আর আগের মতো নই।”
তিনি বলেন, “জুলাই আমাদের শিখিয়েছে হাল না ছেড়ে ঝড়ের মতো গুলির মধ্যেও দাঁড়িয়ে থাকার দৃঢ়তা। জুলাই আমাদের ভুলতে দেয় না আমাদের শহীদদের, যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, যাদের চোখ উপড়ে নেওয়া হয়েছে, যাদের আত্মা ছিন্নভিন্ন করা হয়েছে।”
আওয়ামী লীগের উদ্দেশে শফিকুল আলম আরও উল্লেখ করেন, “আপনাদের সঙ্গে কখনও শান্তি হবে না—যতক্ষণ না আপনারা ‘দুঃখিত’ বলেন, যতক্ষণ না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে রক্ত দেখতে পান।”
মানবতাবিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব—আমাদের জমিতে, নদীতে, পাহাড়ে। আমরা লড়ব ভার্চুয়াল জগতেও। আপনারা গণহত্যার সহযোগী ও মানবাধিকারের ডাকাত। আমরা আপনাদের মুখোশ খুলে ফেলব।”