জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কমিটিতে শীর্ষ পদে রদবদল আনা হয়েছে। নতুন কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। অন্যদিকে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে আগের কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া আগের কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভাকে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুনর্গঠনের মধ্য দিয়ে এনসিপির সাংগঠনিক কাঠামো থেকে সাতটি পদ বাদ পড়েছে। পদগুলো হলো মুখ্য সমন্বয়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক।
আগের কমিটিতে মুখ্য সমন্বয়ক ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ছিলেন সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং মুখপাত্রের দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ছিলেন আবদুল হান্নান মাসউদ। এ ছাড়া উত্তর ও দক্ষিণাঞ্চলের সংগঠক পদে ৪২ জন এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে ২৩ জন দায়িত্ব পালন করছিলেন।
পুনর্গঠিত কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ছয়জনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। আগের কমিটিতে সম্পাদকীয় পদ না থাকলেও নতুন কমিটিতে ৩২টি সম্পাদকীয় পদে ৩২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব পদের সঙ্গে এক বা দুজন করে সহসম্পাদকও রয়েছেন।
এ ছাড়া নতুন কমিটিতে ১৯ জন সহসম্পাদক, ৫৮ জন সদস্য এবং ১১ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। নতুন কাঠামোর মাধ্যমে দলের সাংগঠনিক দায়িত্ব ও পদবিন্যাসে পরিবর্তন আনা হয়েছে।