আত্মপ্রকাশের সাড়ে সাত মাসের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে তিন সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।
রোববার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কমিটি প্রকাশ করা হয়। পরে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে ডা. মাহমুদা আলম মিতুর পাশাপাশি সদস্যসচিব করা হয়েছে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে। এ ছাড়া সংগঠনটির মুখ্য সংগঠক হয়েছেন মনজিলা ঝুমা।
গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ ঘটে। পরে ১৮ এপ্রিল সংগঠনটির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই কমিটির আহ্বায়ক ছিলেন মনিরা শারমিন এবং সদস্যসচিব ছিলেন মাহমুদা মিতু। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন সানজিদা বুশরা মিশমা এবং মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন নুসরাত তাবাসসুম।
নতুন আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির আগের ৫৩ সদস্যের কমিটির অবসান ঘটল।