বিশ্বজুড়ে শান্তির পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (IEP) সম্প্রতি প্রকাশ করেছে গ্লোবাল পিস ইনডেক্স (GPI) ২০২৫।
এই সূচকে বাংলাদেশের অবস্থান হয়েছে ১২৩তম, যেখানে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশ ৩৩ ধাপ পিছিয়েছে।
IEP-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের শান্তির স্কোর ২.৩১৮। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের স্কোর ২.৪৪৩, যা বাংলাদেশের চেয়ে বেশি। তাই শান্তির দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।
প্রতিবেদন বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে শান্তির গড় স্তর ০.৩৬ শতাংশ হ্রাস পেয়েছে। IEP জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তির এমন অবনতির নজির দেখা যায়নি।
২০০৮ সাল থেকে এখন পর্যন্ত গড় দেশভিত্তিক শান্তি সূচক ৫.৪ শতাংশ কমেছে, যা বৈশ্বিক শান্তির ধারাবাহিক পতনের প্রমাণ। তবে আশার কথা হলো, চলতি বছর ৭৪টি দেশের শান্তি সূচকে কিছুটা উন্নতি হয়েছে।