বিশ্বসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বড় ছেলে প্রিন্স জ্যাকসন বাগদান করেছেন তার দীর্ঘদিনের প্রেমিকা মলি শারম্যানের সঙ্গে। প্রিন্স এই সুখবর ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে জানিয়েছেন।
প্রিন্স লিখেছেন, “৮ বছর পার হয়ে গেছে। এখন আজীবন একসঙ্গে চলার পালা। মলি ও আমি একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, অসাধারণ স্মৃতি তৈরি করেছি। আমরা একসঙ্গে বিশ্বভ্রমণ করেছি, বিশ্ববিদ্যালয় শেষ করেছি এবং একে অপরের পাশে থেকে অনেক কিছু শিখেছি। এই নতুন অধ্যায়ের জন্য আমি ভীষণভাবে উচ্ছ্বসিত। তোমাকে ভালোবাসি, মলি।”
একটি ছবিতে দেখা যায়, প্রিন্স ও মলি ক্যালিফোর্নিয়ার এনসিনোতে পারিবারিক বাড়ি হ্যাভেনহার্স্ট এস্টেটের বাইরে মাইকেল জ্যাকসনের মা ও প্রিন্সের দাদী ক্যাথরিন জ্যাকসনের সঙ্গে বসে আছেন।
২০১৮ সালে এক বছর পূর্তিতে প্রিন্স ইনস্টাগ্রামে প্রথম তাদের সম্পর্ক প্রকাশ্যে আনে। তখন বোন প্যারিস জ্যাকসন মন্তব্য করেছিলেন, “তোমাদের একসঙ্গে দেখে মন ভরে যায়। ভালোবাসা ও শুভকামনা।”
প্রিন্স জ্যাকসন সবসময় তার প্রয়াত বাবা মাইকেল জ্যাকসনের আদর্শকে মনে করেন। ২০২২ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাবা আমাকে শিখিয়েছেন ভালোবাসা দিয়ে জীবন পরিচালনা করতে। আমি প্রতিদিন অন্তত একজন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।”