ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে হত্যার কারণ উদ্ঘাটনে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে ফলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ফলকার তুর্ক বলেন, প্রতিশোধমূলক আচরণ কেবল বিভেদ বাড়াবে এবং সবার মৌলিক অধিকার ক্ষুণ্ন করবে।
বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
এ ছাড়া আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানায় জাতিসংঘ।