লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপর এক মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের মধ্যবাজার গোডাউনের পেছনে নদীর পাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শাহিনুর বেগম এবং তার দুই মেয়ে শিফা ও ইকরা। গুরুতর আহত বড় মেয়ে সায়মা বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাঁড়ি বিক্রেতা কামালের পরিবারটি ভাড়া বাসায় বসবাস করত। সকালে স্থানীয়রা ঘরের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে গিয়ে চারজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঘটনার পর এক ভাসমান ফল বিক্রেতা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে সে গুরুতর আহত হয়। তাকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাচেষ্টার প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও ঘটনার বিস্তারিত এখনও নিশ্চিত করা যায়নি।