মেহেরপুরের গাংনী উপজেলার সহড়তলা সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার সহড়তলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৫ ও ৬ এস সাব-পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতের নদীয়া জেলার ব্রজনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবি সদস্য ও গ্রামবাসীরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেওয়ায় বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে পুশইনের চেষ্টা করা সাতজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের পাশে একটি বাঁশবাগানে অবস্থান করছেন।
সহড়তলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব জানান, গ্রামবাসী ও বিজিবির তৎপরতার কারণে ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। তারা এখনও সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করে সহড়তলা বিজিবি ক্যাম্পের কমান্ডার আইউব আলী বলেন, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে এটি একাধিক পুশইন চেষ্টার ঘটনা। এর আগে ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ছয়জন এবং ১৯ জুন সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সেসব ক্ষেত্রেও বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।