ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘন্টা) এই ইউনিটের পরীক্ষা হবে। এ বছর এই ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৬৬টি কেন্দ্র ও ক্যাম্পাসের বাইরে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের বাইরে পরীক্ষা অনুষ্ঠিত হবে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, নীলক্ষেত হাই স্কুল, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (মতিঝিল), তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ ও আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজে।
ঢাকার বাইরে পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলাদেশ কৃষি, ময়মনসিংহ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সাতটি বিভাগীয় শহরে।