সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যাট অডিটে স্বচ্ছতা আনতে ই-ভ্যাট সিস্টেমে ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ চালু করা হয়েছে। এই মডিউলে ২০টি ঝুঁকি সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।
এনবিআর জানায়, ঝুঁকির মাত্রা অনুযায়ী নির্ধারিত অগ্রাধিকার (ওয়েটেজ) ব্যবহার করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানগুলো বাছাই করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ রাখা হয়নি, ফলে অডিট নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।
নির্বাচিত ৬০০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: ৪০৫টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ৯৮টি সেবাদানকারী প্রতিষ্ঠান,৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা, ৩২টি আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান
এনবিআর আরও জানায়, অডিট শেষে প্রত্যাশিত ফল না এলে রিস্ক ক্রাইটেরিয়া ও ওয়েটেজ প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সংস্থাটি আশা করছে, এই স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বাড়বে এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে আরও গতি আসবে।