আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অফিস-আদালত ও ব্যাংকে টানা ৭ দিনের ছুটি থাকলেও নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারের নির্বাহী আদেশে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষিত হওয়ায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের সুবিধার্থে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
এই কার্যক্রম পরিচালিত হবে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকার পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে।
নির্দেশনা অনুযায়ী ১৮ ও ১৯ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) সীমিত সংখ্যক লোকবল দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার পোর্ট ও কাস্টমস সংলগ্ন ব্যাংক শাখা ও বুথগুলো আগের নির্দেশনা অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সীমিত আকারে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখতে পারবে।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন। এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে জারি করা হয়েছে।