চলতি অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৪৮.৭ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ৯৭৪ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, যেখানে গত বছর একই সময়ে রেমিট্যান্স ছিল ৬৫৫ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১১,১২৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের ৯,৫৯৩ মিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
মাসভিত্তিক হিসাব অনুযায়ী, জুলাইয়ে ২৪৭.৭৮ মিলিয়ন ডলার, আগস্টে ২৪২.১৯ মিলিয়ন ডলার, সেপ্টেম্বরে ২৬৮.৫৮ মিলিয়ন ডলার এবং অক্টোবরে ২৫৬.৩৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরের শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি এবং এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এবং ডলারের জোগানে স্বস্তি প্রদান করেছে।