দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (১০ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশালে ১৬৯ জন এবং চট্টগ্রামে ১৫১ জন। রাজধানীতে উত্তর সিটিতে ১৭২ জন ও দক্ষিণ সিটিতে ১৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহে ৮৯, রাজশাহীতে ১০৯, খুলনায় ৭০, রংপুরে ১২, সিলেটে ৮ এবং অন্যান্য জেলায় ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৬ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৭৬ হাজার ৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৭২২ জন, আর এ সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৫ জনে।