নোয়াখালীর কবিরহাটে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নোয়াখালী সরকারি কলেজের দুই শিক্ষার্থী।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার বসুরহাট–কবিরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিএনজি চালক শাহআলম, নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও সুমন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাইজদী থেকে যাত্রী নিয়ে বসুরহাট যাচ্ছিল সিএনজিটি। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ জানান, “ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে আনার পর আরও তিনজন মারা গেছেন।” আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “সিএনজিতে থাকা চালকসহ ৬ জন মারা গেছেন। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।”