অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম জরুরি ভিত্তিতে এই আদেশ জারি করেন।
প্রশাসন সূত্র জানায়, অবরোধকে কেন্দ্র করে শনিবার দুপুরে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৪৪ ধারা জারির ফলে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় চার বা ততোধিক মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ, মাইকিং ও অস্ত্র বহনসহ যেকোনো ধরনের উস্কানিমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’র নামে শনিবার জেলাজুড়ে অবরোধ ডাকা হয়। অবরোধের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে সাজেকসহ বিভিন্ন স্থানে হাজার হাজার পর্যটক আটকা পড়েছেন। এছাড়া, শহরের কয়েকটি এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পুলিশ টহল জোরদার করেছে।