চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে দলটি।
রোববার (৩১ আগস্ট) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে গঠনতন্ত্রের বিধান অনুসারে উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে রোববার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন উদয় কুসুম বড়ুয়া। এছাড়া সংঘর্ষের ঘটনায় তাকে হামলার ইন্ধন দেওয়ার অভিযোগও রয়েছে।