ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুরো নির্বাচনের পরিবেশকে ডিজিটাল মোবাইল জার্নালিজম নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
উমামা ফাতেমা লিখেছেন, ক্যাম্পাসে ডাকসু নির্বাচনে সাংবাদিকদের অতিরিক্ত ভিডিও করা ও প্রচারের কারণে প্রার্থীদের সঙ্গে ভোটারদের স্বাভাবিক কথোপকথনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন— “প্রার্থীদের পেছনে প্রতিটি পদক্ষেপ ভিডিও করা কতটা সমীচীন?”
তিনি আরও উল্লেখ করেন, বারবার নিষেধ করার পরও সাংবাদিকরা নীতিবহির্ভূত এ কার্যক্রম থেকে বিরত হচ্ছেন না। প্রার্থীর সম্মতি ছাড়া ভিডিও করা, ভিডিও ক্রপ করে ভিন্নভাবে উপস্থাপন করা—এসব আচরণ ভোটের পরিবেশ নষ্ট করছে বলে মন্তব্য করেন তিনি।
সবশেষে উমামা সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা প্রার্থী ও ভোটারের প্রাইভেসি মেনে চলুন। সম্মতির বাইরে ভিডিও করে নির্বাচনী পরিবেশকে অযথা জটিল করবেন না।”