গোপালগঞ্জে চলমান কারফিউ শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আংশিকভাবে শিথিল করা হয়েছে।
জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান শুক্রবার রাত ১১টার দিকে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী সময়ের কারফিউ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কারফিউ শিথিলের ফলে রাস্তাঘাটে ও বাজারে লোকসমাগম বাড়তে শুরু করেছে, যদিও স্বাভাবিক সময়ের তুলনায় জনসমাগম কম। অনেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বের হয়েছেন। তবে গ্রেপ্তার আতঙ্কে মানুষের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
শনিবার সাপ্তাহিক ছুটির কারণে গোপালগঞ্জের সব ধরনের মার্কেট বন্ধ রয়েছে। হোটেল-রেস্তোরাঁও খুলে নি। ফলে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি।
গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এরপর জেলা প্রশাসন প্রথমে ১৪৪ ধারা জারি করে এবং পরিস্থিতি আরও অবনতি হলে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত করা হয়।
তবে ওই দিন ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য আংশিক শিথিলতা দেওয়া হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় আবার কারফিউ শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয় এবং সর্বশেষ ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে।