দশ বছরেরও বেশি সময় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের হাতে থাকা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ফের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতে নেয়া হচ্ছে।
চুক্তি শেষ হওয়ায় আগামী ৬ জুলাই সাইফ পাওয়ার টেক টার্মিনাল থেকে সরে যাবে এবং ৭ জুলাই থেকে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জনবল ও যন্ত্রপাতি দিয়ে পরিচালনার পরীক্ষা শুরু হবে। পরবর্তী ছয় মাস এই দায়িত্ব বন্দর কর্তৃপক্ষ নিজেই পালন করবে। এজন্য নৌ-পরিবহণ মন্ত্রণালয় প্রতি মাসে ৭ কোটি টাকা করে মোট ৪২ কোটি টাকার বাজেট বরাদ্দ অনুমোদনের জন্য চাওয়া হয়েছে।
বন্দর সচিব ওমর ফারুক জানান, সাইফ পাওয়ার টেকের সঙ্গে নতুন করে কোনো চুক্তি হবে না এবং বন্দরের দক্ষ জনবল ও যন্ত্রপাতি দিয়ে কার্যক্রম পরিচালিত হবে। প্রয়োজনে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতা নেওয়া হতে পারে।
২০০৭ সালে ৫৭০ কোটি টাকায় নির্মিত এনসিটি চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহত্তম কনটেইনার টার্মিনাল। ৫টি জেটি ও আধুনিক গ্যান্ট্রি ক্রেনসহ বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এখানে।
তবে সাইফ পাওয়ার টেকের দিক থেকে একচেটিয়া ব্যবসায়ীর মাধ্যমে দীর্ঘ সময় পরিচালনার কারণে বন্দরের ব্যবহারকারীরা অসন্তুষ্ট। অভিযোগ রয়েছে, তারা রাজনৈতিক শাখা-প্রশাখার ছত্রছায়ায় একক দখল করে সিন্ডিকেট গড়ে ব্যবসায়িক লুটপাট করেছে।
চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা চান এনসিটির পরিচালনা বন্দর কর্তৃপক্ষের হাতে এসে দেশের স্বার্থে দক্ষতা ও স্বচ্ছতা বজায় থাকুক।
এদিকে, বন্দরের চিফ ইঞ্জিনিয়ার এসএম হাবিবুল্লাহ আজিম এনসিটির ট্রাক্টর, ট্রেইলর ও প্রাইম মুভারের জন্য দরপত্র আহ্বান করেছেন। দরপত্র জমা ও মূল্যায়ন শেষে ৭ জুলাই কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।
বন্দর সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, সাময়িক কিছু সমস্যা থাকলেও দ্রুত তা সমাধান হয়ে যাবে এবং বন্দর পরিচালনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।