চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১৮ জুলাই শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন বিন্যাস এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসি ও টেলিটক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টি শূন্য পদ রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ বিসিএস পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বর থাকবে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষায়, এবং বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।
২০০ নম্বরের মধ্যে প্রার্থীর পেশাগত বিষয়ে থাকবে ১০০ নম্বরের পরীক্ষা, এবং সাধারণ বিষয়ে থাকবে ১০০ নম্বর। সাধারণ বিষয়ের ১০০ নম্বর বণ্টন হবে—বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, গাণিতিক যুক্তি ১০ এবং মানসিক দক্ষতা ১০ নম্বর। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ঘণ্টায়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীকে অন্তত ৫০ নম্বর পেতে হবে।
উল্লেখ্য, এর আগে বিশেষ ৩৯তম এবং ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।