প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স চলতি বছরের জুন মাসের ২৯ দিনেই ২.৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.১ শতাংশ বেশি। গত বছর এ সময়ে দেশে এসেছিল ২.৩৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এই রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা। হিসাব অনুযায়ী, জুন মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিদায়ী অর্থবছর (২০২৪-২৫) শেষে ২৯ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স আয় দাঁড়িয়েছে ৩০.২১ বিলিয়ন মার্কিন ডলারে, যা দেশের ইতিহাসে যেকোনো অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড।
বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে এবং অর্থনীতি সচল রাখতে এই রেমিট্যান্স প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।