পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার (৭ জুন) রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও আগামীকাল রোববার (৮ জুন) থেকে ট্রেন চলবে ৩০ মিনিট বিরতিতে (হেডওয়ে)। পরদিন সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।
সংস্থাটি জানিয়েছে, মেট্রোরেলের এই পরিবর্তিত সময়সূচি আগেই যাত্রীদের অবহিত করা হয়েছে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন, ঈদ উপলক্ষ্যে রাজধানীর অনেক বাসিন্দা ঢাকা ছেড়ে গেলেও যারা রয়েছেন, তাদের যাতায়াতের সুবিধার্থে ঈদের পরদিন থেকেই আংশিকভাবে ট্রেন চালু রাখা হচ্ছে।
এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি কার্যকর হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে। উল্লেখযোগ্যভাবে, ঈদুল ফিতরের চেয়ে এবার কোরবানির ঈদে ছুটির সময়সীমা আরও দীর্ঘ করা হয়েছে।