ঈদে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দিয়েছেন বাস চালকরা। শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ টাকা ফেরত দেওয়া হয়।
নোয়াখালী র্যাব-১১ এর সহায়তায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা।
অভিযানে চট্টগ্রাম থেকে মজুচৌধুরীর হাটে আসা সোহাগ পরিবহন ও সানিয়া ক্লাসিক পরিবহনের বাসগুলো চেক করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ার পর চালকদের অর্ধশতাধিক যাত্রীর কাছ থেকে নেয়া টাকা ফিরিয়ে দিতে বাধ্য করা হয়।
এ সময় যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে বাস চালক ও হেলপারদের সতর্ক করা হয়।
পরে এসব যাত্রীরা লঞ্চযোগে বরিশাল ও ভোলার উদ্দেশে মজুচৌধুরীর হাট থেকে রওনা দেন। অভিযানে যাত্রীরা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।