দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকালেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাময়িক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌপথে চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।