বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বেশি থাকলেও ঢাকামুখী গাড়িগুলো তুলনামূলক খালি রয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।
এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ২৩৯টি যানবাহনের বিপরীতে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা এবং ঢাকাগামী ১৫ হাজার ৫২৭টি যানবাহনের বিপরীতে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।
এদিকে, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।