যশোরের বেনাপোলের পুটখালি সীমান্তে টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সিপাহী নিহত হয়েছেন এবং তার সঙ্গে থাকা অপর এক হাবিলদার গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে বারোপোতা-পুটখালি সড়কের আহমদ ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে, যা মসজিদবাড়ি বিজিবি পোস্ট থেকে আনুমানিক ৮০০ গজ দূরে অবস্থিত।
নিহত বিজিবি সদস্য: সিপাহী মোজাম্মেল হক (৩৫), তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আলমপুর গ্রামের বাসিন্দা।
আহত বিজিবি সদস্য : হাবিলদার দেলোয়ার হোসেন (৪৫), তিনি ঝালকাঠি জেলা সদরের মোরাসাত গ্রামের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানিয়েছেন, বিজিবি সদস্যরা মাদক আটক অভিযানে মোটরসাইকেলযোগে বারোপোতা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর বিজিবি সদস্যদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত হাবিলদার দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুভেন্দু বিশ্বাস জানান, “আহত দুই বিজিবি সদস্যকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সিপাহী মোজাম্মেল হক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহত হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর থাকায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে যথাযথ তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।