ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। তাকে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে।
বুধবার (৪ মার্চ) সকালে বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৪ মার্চ) এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আগামীকাল অধ্যাপক সি আর আবরার নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং শিক্ষা ও সামাজিক ইস্যুতে তার সক্রিয় ভূমিকা রয়েছে। আশা করছি, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল ১১টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।”
অধ্যাপক সি আর আবরার ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুস সাত্তার চৌধুরী ও মাতা সোফিয়া সুলতানা।
শিক্ষাজীবনে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এরপর তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৭৯ সাল থেকে চার দশকের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট’ (রামরু)-এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক।